সুন্দরবনে শাপলাপাতা মাছসহ ছয় জেলে আটক, ট্রলার ও জাল জব্দ
সংগৃহীত ছবি
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে শাপলাপাতা মাছ শিকার করায় একটি ট্রলারসহ ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১২ আগস্ট) দুপুরে শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন- পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মো. বিল্লাল, মোজাফর হাওলাদার, দুলাল, বশির, আসাদ ও ইব্রাহিম। তাদের বৃহস্পতিবার বাগেরহাট আদালতে পাঠানো হবে।
বন বিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ও শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা যৌথভাবে সুন্দরবনের নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে তারা এগিয়ে যান।
পরে ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে শিকার-নিষিদ্ধ ৯টি বড় আকারের শাপলাপাতা মাছ, দুই মণ বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি ও মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। ওই জেলেরা আইন অমান্য করে খালে মাছ ধরছিলেন। তাছাড়া আটক এই জেলেরা শিকার-নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরেছেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে