বন্ধ হয়ে গেল ফ্রান্সের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ

বন্ধ হয়ে গেল ফ্রান্সের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ

সংগৃহীত ছবি

ফ্রান্সের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘গ্রাভলিন্স’-এ মঙ্গলবার (১১ আগস্ট) একটি অবাক করা ঘটনা ঘটেছে। লাখ লাখ জেলিফিশ বিদ্যুৎকেন্দ্রটির মেশিন ঠান্ডা করার পাম্পগুলোতে আটকে যায়। এর ফলে বাধ্য হয়ে কেন্দ্রটির বেশ কয়েকটি চুল্লি বা রিঅ্যাক্টর বন্ধ করে দিতে হয়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে।

বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানি ‘ইডিএফ’ জানিয়েছে, তাদের মোট ৬টি চুল্লির মধ্যে বর্তমানে মাত্র একটি পুরোপুরি চলছে। তিনটি চুল্লি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, একটির উৎপাদন অর্ধেক কমানো হয়েছে এবং অপর একটি আগে থেকেই মেরামতের জন্য বন্ধ ছিল। অবাক করার বিষয় হলো, ঠিক এক বছর আগেও একই কারণে দুই দিন এই বিদ্যুৎকেন্দ্রটির কাজ ব্যাহত হয়েছিল।

তবে কোম্পানিটি সবাইকে আশ্বস্ত করে বলেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই ঘটনার কারণে সেখানকার কর্মী, স্থাপনা বা পরিবেশের কোনো ধরনের ক্ষতি হবে না। কর্মীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। 

জেলিফিশগুলো সরানোর জন্য দিনরাত কয়েকটি মাছ ধরার নৌকা কাজ করছে। তারা পাম্পের কাছ থেকে জেলিফিশগুলো ধরে আবার গভীর সমুদ্রে ছেড়ে দিচ্ছে এবং আটকে যাওয়া পাম্পগুলো পরিষ্কার করছে।

ফ্রান্সে এ বছর বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে প্রচণ্ড গরম ও খরার কারণেও কয়েকটি চুল্লি বন্ধ রাখতে হয়েছিল।

শুধু ফ্রান্সে নয়, জেলিফিশের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার ঘটনা এর আগে ২০১৩ সালে সুইডেনে এবং ১৯৯৯ সালে জাপানেও ঘটেছিল। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে অতিরিক্ত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি গরম হয়ে যাচ্ছে। আর এই কারণেই জেলিফিশের সংখ্যা দিন দিন এত দ্রুত বাড়ছে।

সূত্র: এনডিটিভি।