‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’, মিরাজকে স্টার্কের হুঁশিয়ারি

‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’, মিরাজকে স্টার্কের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। ব্যাটে-বলে দুই বিভাগেই অজিদের চেয়ে এগিয়ে টাইগাররা। স্বাগতিকদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট করার পর ব্যাট হাতে তানজিদ তামিম-নাজমুল শান্তরা খেলেছেন দারুণ সব ইনিংস। দ্বিতীয় দিন শেষে তাই সফরকারীরা এগিয়ে ১৫৩ রানে, হাতে আছে আরও ৪ উইকেট। এদিকে ঘরের মাটিতে বাংলাদেশের কাছে এভাবে কোণঠাসা হয়ে যেন বেশ হতাশ প্যাট কামিন্সরা। এ কারণেই হয়তো মাঠে মেজাজ হারাতে দেখা গেছে মিচেল স্টার্ককে। 

অস্ট্রেলিয়ার ইনিংসের ১০৩তম ওভারে বোলিং করছিলেন স্টার্ক। অজি এই পেসার করছিলেন নিজের ২১তম ওভারের বোলিং। তাঁর করা ওভারের পঞ্চম বলে পয়েন্টে শট খেলেন মিরাজ। শট খেলে বলের দিকে চোখ রেখেই দৌড়ে রান নিতে উদ্যত হন তিনি। অর্ধেকটা পথ এগিয়েছেনও। এমন সময় সামনে তাকিয়ে দেখেন তাঁর সামনে স্টার্ক। অজি পেসারকে দেখে মিরাজ পিচের আরও একটু ভিতর দিয়েই দৌড়ে এপাশে আসেন। 

নিয়ম অনুযায়ী বোলারদের মতো ব্যাটসম্যানদেরও দৌড়ানোর সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ (প্রোটেক্টেড এরিয়া) এড়িয়ে চলতে হয়। মিরাজকে পিচের মাঝ দিয়ে দৌড়ে আসতে দেখে আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে সতর্ক করেন। মিরাজ জানান, বলের দিকে তাকাতে গিয়ে স্টার্ককে দেখতে পারেননি, তাই মাঝে দিয়ে দৌড়িয়েছেন। এমন সময়েই মেজাজ হারান স্টার্ক। 

স্টার্ক মিরাজের দিকে ইঙ্গিত করে বলেন, এটি তাঁর ফলো-থ্রুর জায়গা, মিরাজকে উইকেট ছেড়ে দিতে হবে। জবাবে মিরাজ বলেন, বল দেখার কারণে তিনি সামনে কিছু দেখতে পাননি। নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরও একবার মন্তব্য করতে শোনা যায়—  ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ? উইকেট থেকে সরে দাড়াও’

তবে এমন ঘটনার পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মিরাজের পক্ষই নিয়েছেন। তিনি চ্যানেল সেভেনের ধারাভাষ্যে জানান, এটি ইচ্ছাকৃত ছিল না—বল দেখা শেষে তাকানোর পর স্টার্ককে সামনে পেয়ে মিরাজ পিচের মাঝ দিয়ে যাওয়াই সহজ মনে করেছিলেন। অন্যদিকে আরেক ধারাভাষ্যকার  অ্যালিস্টার নিকলসন মনে করেন, মাঠে দীর্ঘ ও কঠিন দিন পার করা অস্ট্রেলিয়ার হতাশারই বহিঃপ্রকাশ ছিল এই ঘটনা।