এবার দুটি মিনি সিরিজ নিয়ে আসছেন সামিরা খান মাহি

এবার দুটি মিনি সিরিজ নিয়ে আসছেন সামিরা খান মাহি

ছবিঃ সংগৃহীত।

ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে দেখা গেছে তাকে।সাজ্জাদ সুমন পরিচালিত ওই ধারাবাহিকের শুরুর দিকের কয়েকটি পর্বে স্বল্প সময়ের জন্য অভিনয় করেছিলেন তিনি।

এবার দুটি মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে আসছেন সামিরা খান মাহি। ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের সিরিজ দুটিতে অভিনয় করেছেন তিনি। শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সিরিজ দুটি প্রকাশিত হবে।

‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। পারিবারিক গল্পের এই সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠুসহ আরও অনেকে।

অন্যদিকে ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। চলতি বছরের শুরুতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে তাঁর নির্মিত মিনি সিরিজ ‘চেনা অচেনা’ দর্শকদের সামনে আসে। তবে ‘মায়ার সংসার’-এ মাহির সঙ্গে আর কারা অভিনয় করেছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি অভিনেত্রী। তাঁর ভাষ্য, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে।

দুটি সিরিজে অভিনয়ের প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘সিরিজ দুটি মূলত পারিবারিক গল্প নিয়ে তৈরি। একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা গল্প দুটিতে উঠে এসেছে। গুণী অনেক শিল্পী এখানে অভিনয় করেছেন। প্রচারে এলে আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

এদিকে আজ জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মাহি অভিনীত নাটক ‘কথা দিলাম’। ইমরাউল রাফাত পরিচালিত ভালোবাসার গল্পের এই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।

সাম্প্রতিক সময়ে অভিনয়ের কাজও কমিয়ে দিয়েছেন সামিরা খান মাহি। এ বিষয়ে অভিনেত্রী জানান, এটি তাঁর সচেতন সিদ্ধান্ত। নিজেকে ও পরিবারকে সময় দিতেই তিনি কাজের সংখ্যা কমিয়েছেন।