ম্যারাথনে দৌড়াতে গিয়ে হৃদরোগে এক ব্যক্তির মৃত্যু

ম্যারাথনে দৌড়াতে গিয়ে হৃদরোগে এক ব্যক্তির মৃত্যু

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ ম্যারাথনে এ ঘটনা ঘটে।

আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় পানামনগর আমিনপুর মাঠ থেকে শুরু হওয়া সাড়ে ৭ কিলোমিটারের এ দৌড়ে সারা দেশ থেকে প্রায় ৬০০ জন অংশ নেন। দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করে উপজেলার বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ইভেন্টের মেডিকেল টিম দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর প্রধান আয়োজক শিমুল ভূঁইয়া টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আশরাফ উদ্দিনও শোক ও সমবেদনা জানিয়েছেন।