বান্দরবানে এক লাখ ২০ হাজার টাকার কাঠ জব্দ
সংগৃহীত ছবি
বান্দরবান সদরে অবৈধভাবে নৌপথে পাচারের সময় ৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। শনিবার সন্ধ্যায় বান্দরবান সদর সেনা জোনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ আগস্ট উজানি পাড়া কাঠের ফিল্ডে নদীপথে কাঠ পাচারের সময় সন্দেহ হওয়ায় তা আটক করে বান্দরবান সদর সেনা জোনের সদস্যরা। আব্দুল্লাহ আল আরমান নামে এক ব্যবসায়ীর কাগজপত্রে এ কাঠগুলো পরিবহনের চেষ্টা চলছিল। পরবর্তীতে বন বিভাগের কর্তৃপক্ষ এসে যাচাই-বাছাই ও পরিমাপ শেষে চালানটিতে মোট ৪০ ঘনফুট অবৈধ কাঠ শনাক্ত করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কাঠগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। বন বিভাগের আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।