উপহার পাওয়া গাছের ফল দিয়ে ৫ বছর বেতন মওকুফ শিক্ষার্থীর

উপহার পাওয়া গাছের ফল দিয়ে ৫ বছর বেতন মওকুফ শিক্ষার্থীর

সংগৃহীত ছবি

স্কুলের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিতরণ করা একটি লেবু গাছ পেয়েছিলেন প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী। সেই গাছ বাড়ির আঙিনায় রোপণ করেন শিশুটি। এক বছর পর সেই গাছে এসেছে মাত্র দুটি ফল। একটি লেবু এনে উপহার দিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে।

আর সেই উপহারের বিনিময়ে তার পাঁচ বছরের বেতন মওকুফের ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এই ঘটনা ঘটে। এই বিষয়টিকে বৃক্ষরোপণে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, স্কুলের প্রতিষ্ঠাতা মোবারক হোসেন প্রতি বছর শিক্ষার্থী ও অভিভাবকদের গাছ উপহার দিয়ে অভিভাবক সমাবেশ করেন। শনিবার(১৫ আগস্ট) এমনই একটি অভিভাবক সমাবেশ ছিল। এতে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ফজলে লোহানী বাবু। সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোবারক হোসেন। অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ৩টি করে গাছ চারা বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মোবারক হোসেন বলেন, ২০০৪ সাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে বৃক্ষরোপণ কর্মসূচি করছি। কখনও বীজ, কখনও বীজ থেকে চারা উৎপাদন করে সেটি বিতরণ করছি। ছোট্টসোনামণিরা যে এত উপলব্ধি করবে তা ভাবিনি। বৃক্ষরোপণে অনুপ্রেরণা দিতে ওই শিক্ষার্থী যতদিন আমার স্কুলে থাকবে, ততদিন তার বেতন মওকুফ করে দেবো।

শংকুচাইল গ্রামের সন্তান ও পাকিস্তানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ফজলে লোহানী বাবু বলেন, প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা এত সুন্দর সাবলীল ইংরেজি কথা বলতে পারেন, নিজে না দেখলে বিশ্বাসই করতাম না। এই শিক্ষার্থীদের রোপণ করা ছোট ছোট চারাগাছ একদিন বৃহৎ বৃক্ষে পরিণত হবে। তারাই এই গ্রামকে আলোকিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষানুরাগী জামাল খান, মোমেন খান, আক্তার হোসেন, শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক কাউসার আলম, শংকুচাইল কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কাজী মনোয়ার হোসেন,  সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ ও আক্কাস আল মাহমুদ হৃদয়সহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।