লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান
সংগৃহীত ছবি
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের তিন শিশু ও দুই নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
ইরানি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’-এর সূত্রে জানা গেছে, ইরান এই ঘটনাকে ‘নিষ্ঠুর হামলা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, নাবাতিয়ে জেলার আল-আনসার, আলি আল-তাহের মালভূমি, নাবাতিয়েহ আল-ফাওকা ও দেইর আল-জাহরানি এলাকায় এই হামলা চালানো হয়। হামলায় আবাসিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য মতে, আল-আনসারে তিন শিশুসহ সাতজন এবং দেইর এজ-জাহরানীতে চারজন নিহত হন।
ইসমাইল বাঘাই বলেন, এই হামলা লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করে তিনি এটিকে নিন্দনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও জনগণের প্রতিরোধের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর পূর্ববর্তী হামলায় তাদের তিন সৈন্য আহত হওয়ার পর এই পাল্টা সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদের সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
এই হামলার তীব্র সমালোচনা করে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় পরবর্তী আলোচনার আগেই ইসরায়েল নিজেদের আগ্রাসী মনোভাবের বার্তা দিচ্ছে। বর্তমানে সীমান্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।