সবাইকে কাপ্তাই হ্রদের প্রতি যত্নশীল হতে হবে: এমপি দীপেন দেওয়ান

সবাইকে কাপ্তাই হ্রদের প্রতি যত্নশীল হতে হবে: এমপি দীপেন দেওয়ান

সংগৃহীত ছবি

রাঙামাটিতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেছেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙামাটি মৎস্য অধিদপ্তর ও জেলা পরিষদ আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে এতে সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণি কেন্দ্রের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম উপস্থিত ছিলেন।

সভায় দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। পার্বত্যাঞ্চলের মানুষ কৃষিনির্ভর। এখানে কোনো কলখারকানা নেই। এ অঞ্চলের মানুষের একটি অংশ চাষাবাদ করে আর একটি অংশ কাপ্তাই হ্রদে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে। সেজন্য কাপ্তাই হ্রদের নাব্যতা ধরে রাখতে সবাইকে হ্রদের প্রতি যত্নশীল হতে হবে। মৎস্য উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরি করতে হবে। তাহলে বেকারত্ব দূর হবে। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সঠিক গবেষণা প্রয়োজন। হারিয়ে যাওয়া মাছের প্রজনন স্বাভাবিক করতে হ্রদের প্রতি আন্তরিক হতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বয়তা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

পরে সেরা মাছচাষিদের মধ্যে তিনজনকে পুরস্কার এবং সম্মাননা তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য দীপেন দেওয়ান। এছর সেরা মৎস্য চাষি হয়েছেন– রাঙামাটির লংগদু উপজেলার মাছচাষি মো. মঞ্জুরুল হক, বাঘাইছড়ি উপজেলার চাষি মো. লোকমান হোসেন ও সদর উপজেলার চাষি শভ শংকর চাকমা। 

এর আগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা পরিষদের চত্বর গিয়ে শেষ হয়।