‘জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে’

‘জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে’

সংগৃহীত ছবি

 

জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

শ্যামল বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলন এবং বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও ভূমিকার ফলেই আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। জুলাই আন্দোলনের শহীদ ও বীরদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা রং-তুলিতে জুলাই আন্দোলন, শহীদদের আত্মত্যাগ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন। তরুণ শিল্পীদের তুলির ছোঁয়ায় এসব ছবিতে ফুটে উঠেছে আন্দোলনের রক্তঝরা দিনগুলোর স্মৃতি। একই সঙ্গে ক্যানভাসে দৃশ্যমান হয়েছে স্বাধীন ও সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ তৈমুর রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মমিনুল হক।

পরে প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।