মাদক সেবনে বাধা দেওয়ায় পোশাককর্মী খুন, গ্রেপ্তার ১০
প্রতীকী ছবি
রাজধানীর সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মিতুল ইসলাম (১৮) নামের এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন মো. রাহিম আহম্মেদ রাফি (১৯), মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)।
নিয়াজ মেহেদী বলেন, শনিবার (১৫ আগস্ট) রাতে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতর মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে অভিযুক্তরা ভুক্তভোগী মিতুল ইসলামকে মার্কেটের ১৪ তলায় ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যায়। সেখানে তারা কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের বুকে, পিঠে, বাম পায়ের উরু, ডান পায়ের উরুসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।
পরে মার্কেটে উপস্থিত লোকজন গুরুতর আহত মিতুলকে উদ্ধার করে রিকশাযোগে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিতুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনার পরপরই সূত্রাপুর থানা পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে ১০ জনকে গ্রেপ্তার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাপড় কাটার একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত মিতুল ইসলামের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।