মরা নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল তৌফিজের

মরা নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল তৌফিজের

প্রতিকি ছবি

ময়মনসিংহের ভালুকায় শখ করে মাছ ধরতে গিয়ে মরা নদীতে ডুবে মো. তৌফিজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথার এলাকার মরা নদীতে এ ঘটনা ঘটে।

তৌফিজ উদ্দিন উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের নূর বক্সের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তৌফিজ উদ্দিন শখের মাছ শিকারি ছিলেন। কাজের ফাঁকে মোটরসাইকেলে করে তিনি প্রায়ই উপজেলার বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে যেতেন। মঙ্গলবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে তিনি বিরুনীয়া ইউনিয়নের মনাপাথার এলাকায় যান। সেখানে মাছ ধরার একপর্যায়ে মরা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন তৌফিজ উদ্দিন। এ সময় পানিতে ডুবে যান তিনি। পরে সেখানে থাকা অন্য মাছ শিকারিরা তাঁকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে মারা যাওয়া তৌফিজ উদ্দিনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।