শাকিরা ভূমিকম্পে বিধ্বস্ত স্কুল পুনঃনির্মাণে ১.২৫ মিলিয়ন ডলার সহায়তা করবে
ছবিঃ সংগৃহীত।
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পুনর্নির্মাণে প্রাথমিকভাবে ১২ লাখ ৫০ হাজার ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। নিজ দেশ কলম্বিয়ায় সাম্প্রতিক সফরকে তিনি রূপ দিয়েছেন শিক্ষা ও মানবিক সহায়তার একটি বড় উদ্যোগে।
গত ১৭ আগস্ট কলম্বিয়ার চোকো প্রদেশের রাজধানী কিবদো সফর করেন শাকিরা। সেখানে তিনি ১০ আগস্ট আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ভয়াবহ এই দুর্যোগে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, স্কুল ও হাসপাতাল; প্রাণ হারিয়েছেন শত শত মানুষ।
সফরে শাকিরা ক্ষতিগ্রস্ত কয়েকটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কোরদোবা ও কিবদোর মেয়র রাফায়েল বোলানোসের সঙ্গেও বৈঠক করেন তিনি। স্থানীয় কর্মকর্তারা তখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির জরুরি প্রয়োজনগুলো মূল্যায়ন করছিলেন।
ভূমিকম্পের পর চোকো প্রদেশের প্রায় ২০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। শাকিরার ঘোষিত অর্থ এসব শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্নির্মাণে ব্যয় করা হবে। এর মাধ্যমে দুর্যোগের পর দ্রুত শিশুদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
শাকিরার এই ১২ লাখ ৫০ হাজার ডলারের সহায়তায় রয়েছে একাধিক প্রতিষ্ঠানের অর্থায়ন। এর মধ্যে শাকিরা ও লাইভ নেশন দিচ্ছে ৫ লাখ ডলার। একই পরিমাণ অর্থ দিচ্ছে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড। আর লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়ন ব্যাংক CAF দিচ্ছে আরও ২ লাখ ৫০ হাজার ডলার।
এই অর্থ শাকিরার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ফুন্দাসিওন পিয়েস দেসকালসোস (Fundación Pies Descalzos)-এর মাধ্যমে পরিচালিত হবে। সংস্থাটি দীর্ঘদিন ধরে কলম্বিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে আসছে।
শাকিরা মনে করেন, ভূমিকম্পের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি মোকাবিলার পাশাপাশি স্কুল পুনর্নির্মাণও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অংশ। সফরকালে সাংবাদিকদের তিনি বলেন, তাঁর সবচেয়ে বড় উদ্বেগ হলো—জরুরি পরিস্থিতি কেটে যাওয়ার পরও যেন স্কুলগুলো দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে না থাকে।শাকিরার ভাষায়, ‘প্রতিদিন যে শিশুরা স্কুলে যেতে পারে না, সেটি তাদের ভবিষ্যৎ থেকে হারিয়ে যাওয়া একটি দিন।’
চোকোর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেছেন এই কলম্বিয়ান গায়িকা। তাঁর ফুন্দাসিওন পিয়েস দেসকালসোস গত দুই দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় জনগোষ্ঠীর জন্য সেখানে দুটি স্কুলও পরিচালনা করছে সংস্থাটি।চোকো প্রসঙ্গে শাকিরা বলেন, ‘আমি সত্যিই চাই, এই অঞ্চল আবার ঘুরে দাঁড়াক।’
শাকিরার সফরসঙ্গী ছিলেন মার্কিন ধনকুবের ও সমাজসেবী হাওয়ার্ড বাফেট। তাঁর ফাউন্ডেশন এর আগে কলম্বিয়ায় শিক্ষা নিয়ে শাকিরার সঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ করেছে। সফরকালে বাফেট চোকোর আরও ১০টি স্কুল পুনর্নির্মাণে আলাদা সহায়তার ঘোষণা দেন।
এদিকে, কলম্বিয়া এখনো কয়েক দশকের অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ আগস্ট দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কালি ও পেরেইরাসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১৬ আগস্ট পর্যন্ত সরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় ২৯০ জনে পৌঁছায়। এছাড়া ১৪০ জনের বেশি নিখোঁজ এবং প্রায় ৪ হাজার ২০০ মানুষ আহত হয়েছেন।
ভৌগোলিক অবস্থান ও সীমিত অবকাঠামোর কারণে চোকোতে দুর্যোগ মোকাবিলা আরও কঠিন হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের এই অঞ্চলের অনেক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নদী ও সড়কের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। ভূমিকম্পে এসব যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলম্বিয়ায় শিক্ষা নিয়ে শাকিরার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবারও যুক্ত হলো নতুন এই উদ্যোগ। ১৯৯৭ সালে ফুন্দাসিওন পিয়েস দেসকালসোস প্রতিষ্ঠা করেন তিনি। এরপর থেকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সংস্থাটিকে ব্যবহার করে আসছেন এই আন্তর্জাতিক তারকা।