গাইবান্ধায় ট্রাক পানিতে পড়ে হেলপারের মৃত্যু
ফাইল ছবি
গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাক সড়কের পাশে পুকুরের পানিতে উল্টে মোজাহিদ মিয়া (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহিদ মিয়া ট্রাকচালক মিস্টারের ভাতিজা। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে চালবোঝাই একটি ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে পুকুরে পানিতে উল্টে পড়ে। এতে ট্রাক চালক মিস্টার ও হেলপার মোজাহিদ গুরুতর আহত হন। স্থানীয়রা ট্রাকের চালক মিস্টার ও হেলপার মোজাহিদকে উদ্ধার করেন। পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।