চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে শামীম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুবে যাওয়ার পর বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শামীম হোসেন উপজেলার শ্যামপুর ইউনিয়নের তিকোশ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে শামীম ও তার দুই বন্ধু পাগলা নদীতে গোসল করতে যান।
এ সময় দুই বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শামীম নদীতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরীদলের লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে তল্লাশী চালিয়ে শামীমের মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।