দিনাজপুরে নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকি ছবি

দিনাজপুরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় দিনাজপুর সদর উপজেলার উলিপুর গ্রাম এলাকায় পূনর্ভবা নদী থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে শহরের মাহুতপাড়া এলাকায় পুনর্ভবা নদীতে ডুবে নিখোঁজ হয় লিমন।

মৃত লিমন (১৬) দিনাজপুর শহরের সিপাহীপাড়ার লিটন ইলামের ছেলে।  

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরনবী এর সত্যতা তথ্যটি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে কয়েকজন শিক্ষার্থী। গোসলের এক পর্যায়ে লিমন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুজি শুরু করে।

পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর গ্রাম নদীতে তার মরদেহ ভেসে উঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, মৃতের ৪ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।