রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইবি উপাচার্যের অভিনন্দন
ফাইল ছবি
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ গৌরবময় ও সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ায় অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর হিসেবে তাঁর নেতৃত্বে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানচর্চার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উপাচার্য আরও আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির অভিভাবকত্ব ও দিকনির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্যমণ্ডিত কার্যকাল কামনা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।