মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
ফাইল ছবি
মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ডেকে নিয়ে মাছের ঘেরের বেড়িবাঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার এক কিশোরী গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে শাপলা তুলতে একই এলাকার একটি মাছের ঘেরে যায়। এ সময় মাছ দেওয়ার কথা বলে তাকে ডেকে ঘেরের বেড়িবাঁধে নিয়ে যান একই এলাকার বাসিন্দা সুমন শিকদার (৩৫)।
অভিযোগ অনুযায়ী, সেখানে নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভয়ে কিশোরী বিষয়টি তার স্বজনদের না জানিয়ে গোপন রাখে।
পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মামী তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সে ঘটনার কথা জানায়। এরপর কিশোরীর মামা শিপন বাদী হয়ে ওই দিন বিকেলে মোংলা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বিকেলেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন শিকদারকে এলাকা থেকে আটক করে।
ওসি মো. আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তিকে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে। মামলার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।