সখীপুরে ঘুমন্ত দম্পতিকে শেকলে বেঁধে ঘরে আগুন
ছবিঃ সংগৃহীত।
টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ঘুমন্ত দম্পতিকে বাইরে থেকে শেকল দিয়ে আটকে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আগুন চারপাশে ছড়িয়ে পড়লে টিনের বেড়া কেটে কোনো রকমে প্রাণে রক্ষা পান স্বামী-স্ত্রী।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় লাল মিয়ার (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লাল মিয়া জানান, রাত আনুমানিক ৩টার দিকে তাঁর স্ত্রী ঘরের চারপাশে আগুন দেখতে পান এবং তাঁকে ডেকে তোলেন। এ সময় তাঁরা ঘরের বাইরে বের হওয়ার জন্য দরজা খুলতে গেলে বুঝতে পারেন, বাইরে থেকে শেকল লাগানো। এরই মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পেট্রোলের গন্ধে ধোঁয়ায় ঘর অন্ধকার হয়ে যায়। পরে ঘরে থাকা দা দিয়ে তিনি টিনের বেড়া কেটে স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান। এ ঘটনায় আহত হয়ে লাল মিয়া সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
লাল মিয়ার স্ত্রী বেগম আক্তার(৪৫) অভিযোগ করে বলেন, জমি নিয়ে স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিরোধ চলমান। কয়েক দিন আগেও তাঁরা তাঁর স্বামীকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা মেহেদী হাসান জানান, আগুনে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা নিঃস্ব হয়ে পড়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনার বিষয়ে সখীপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার সোহেল রানা জানান, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।