ব্রাহ্মণবাড়িয়ায় এক রাতে তিন এনজিও অফিসে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ায় এক রাতে তিন এনজিও অফিসে ডাকাতি

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই ভবনে থাকা তিনটি এনজিও অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে সিদীপ, গার্ক ও পল্লী উন্নয়ন কর্মসূচির অফিস থেকে ৫ লাখের বেশি টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গিয়ে রাব্বি মিয়া নামে এক হিসাবরক্ষক গুরুতর আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কসংলগ্ন সরাইল সদরের কুট্টাপাড়া এলাকায় সামছুদ্দিন নান্নু মিয়ার বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ওই তিন এনজিওর কার্যালয় ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কক্ষ রয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য, রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল ভবনের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বিভিন্ন তলায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় তারা। পরে অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কর্মকর্তাদের জিম্মি করা হয়।

ডাকাতরা বিভিন্ন কক্ষের ড্রয়ার ভেঙে নগদ টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ সময় তৃতীয় তলায় সিদীপের হিসাব কর্মকর্তা রাব্বি মিয়া টাকা রক্ষার চেষ্টা করলে ডাকাতদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাব্বি মিয়াকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

গার্কের ফিল্ড অফিসার স্বপন রাজবংশী, সারোয়ার ও এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা জানান, রাতে তালা কাটার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তবে ডাকাতরা প্রথমেই বাইরে থেকে তাদের কক্ষের দরজা বন্ধ করে দেওয়ায় তারা বের হতে পারেননি। চিৎকার করেও কোনো সহায়তা পাননি। পরে ভোরে কাজের বুয়া এসে দরজা খুলে দেন।

তারা আরও জানান, ডাকাতরা অফিসের সিসিটিভির রেকর্ড বক্সও নিয়ে গেছে।

সিদীপের শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, তিনি বর্তমানে আহত রাব্বি মিয়াকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। ডাকাতরা অফিস থেকে ৫ লাখের বেশি টাকা নিয়ে গেছে বলে তিনি জানান। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ, সার্কেল পুলিশের কর্মকর্তারা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।