মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিকি ছবি

 

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ইস্পাত কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রড বহনকারী ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মাগুরায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রিয়াদ হোসেন, মো. হাদিছ মোল্লা ও আবুল বাশার।

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট বিকেলে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার এলাকায় অবস্থিত বিএসআরএমের ডিপো থেকে ১৩ টন লোহার রড ট্রাকে করে সুনামগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। পথে ওই চালান থেকে এক টন রড চুরি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, অভিযোগ পাওয়ার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বারইয়ারহাট এলাকা থেকে রিয়াদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো এলাকা থেকে ট্রাকের চালকের সহকারী (হেলপার) মো. হাদিছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

হাদিছের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরার মহম্মদপুর থানার জাঙ্গালিয়া এলাকা থেকে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে বাশারের দেওয়া তথ্য অনুযায়ী মহম্মদপুর বাজারের আয়ান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার করা হয়।

এ ছাড়া ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে রড বহনকারী ট্রাকটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ