ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে বুধবার দেশজুড়ে কর্মসূচি
সংগৃহীত ছবি
‘শহীদ আমিন, সালেকিন, তরিকুলের রক্তে লেখা ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন কর’ এই আহ্বান সামনে রেখে বুধবার (২৬ আগস্ট) ফুলবাড়ী দিবস পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হবে। জাতীয় কমিটির উদ্যোগে বুধবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় জাতীয় কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। দিবসের মূল সমাবেশও অনুষ্ঠিত হবে।
জাতীয় কমিটি জানিয়েছে, ফুলবাড়ী আন্দোলনের সময় তৎকালীন সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিল, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। ওই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দেশের তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জাতীয় সম্পদ রক্ষার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রজন্মের অনেকেই ফুলবাড়ী অভ্যুত্থানের ইতিহাস জানেন না। আবার অনেকে সময়ের ব্যবধানে সেই আন্দোলনের কথা ভুলে গেছেন। ২০০৬ সালের ফুলবাড়ী আন্দোলনের পর তৎকালীন সরকার জাতীয় কমিটির সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিল। কিন্তু চুক্তির গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি।
জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন সারা দেশে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
২৬ আগস্ট ফুলবাড়ী দিবস উপলক্ষে জাতীয় সম্পদ রক্ষা, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির উদ্যোগ বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।