রূপগঞ্জে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লা অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় বিশ্বরোড, তারাবো, বরাবোসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধে অংশ নেওয়া ভুক্তভোগী বাসিন্দারা বলেন, তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য ও ময়লা-আবর্জনা নিয়মনীতির না মেনে ব্যস্ততম মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। দীর্ঘ ৩ বছর ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে বাতাসে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, বৃষ্টির দিনে ময়লা-আবর্জনা পানিতে মিশে বাড়িঘরে চলে আসে। তিন শতাধিক পরিবার এই ময়লার ভাগাড়ের আশেপাশে বসবাস করছেন। বর্জ্যের দুর্গন্ধে এসব পরিবারের সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মহাসড়কের একাংশ আবর্জনার দখলে চলে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
আবাসিক ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা থেকে এই ময়লার ভাগাড় দ্রুত অপসারণ করে, কোনো নির্জন স্থানে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য তারা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানান।
দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আরও কঠোর সামাজিক ও রাজপথের কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।