রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকালে গ্রেফতার ৫

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকালে গ্রেফতার ৫

প্রতিকি ছবি

ছিনতাই করার সময় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাই করার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ ও থানা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতার করা পাঁচজনকে হস্তান্তর করা হয়েছে যাত্রাবাড়ী থানায়।