ফিমা মহাপরিচালকের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ
ছবি: সংগৃহীত
একটি স্বার্থান্বেষী মহল পদোন্নতির পূর্বে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই অভিযোগ করেন ওমর ফারুক। ফেসবুকে তিনি একটি লিখিত প্রতিবাদও যুক্ত করেন।
শেখ মোহাম্মদ ওমর ফারুক বলেন, তার পদোন্নতির সম্ভাব্য সময়ের আগে ধারাবাহিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারের পরিকল্পিত চেষ্টা চলছে।
তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশের সময়কাল ও সংবাদ উপস্থাপনের ধরন তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
এসব সংবাদ প্রকাশের ফলে দীর্ঘদিনের সরকারি চাকরিজীবনে তার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘দুদকের জালে এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক’, ‘৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ’ এবং অনুরূপ শিরোনামে এলজিইডির অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। এগুলো উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন ওমর ফারুক।
তিনি ফেসবুকে লেখেন, আমি অত্যন্ত স্পষ্টভাবে জানাতে চাই যে, প্রকাশিত সংবাদে উল্লিখিত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
এসব অভিযোগের মাধ্যমে আমার দীর্ঘদিনের পেশাগত সুনাম, সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন কোনো অভিযোগের বিষয়ে অনুসন্ধান করলে সেটি একটি আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া।
অনুসন্ধান চলমান থাকা মানেই অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে—এমন নয়। অনুসন্ধান মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়।
অথচ ওইসব সংবাদে অনুসন্ধানের বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে সাধারণ পাঠকের কাছে মনে হতে পারে যে আমার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এটি বিভ্রান্তিকর এবং ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, আমি কোনো ধরনের সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ বা দুর্নীতির সঙ্গে জড়িত নই এবং প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যদি আমার বিরুদ্ধে কোনো ব্যক্তি বা মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সরবরাহ করে থাকে, তাহলে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা হোক।
পরিশেষে বলতে চাই, আমার বিরুদ্ধে প্রকাশিত এসব সংবাদ ও অভিযোগকে আমি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর হিসেবে প্রত্যাখ্যান করছি।