যশের ‘টক্সিক’ প্রথম দিন কেমন গেল

যশের ‘টক্সিক’ প্রথম দিন কেমন গেল

ফাইল ছবি

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরলেন দক্ষিণী সুপারস্টার যশ। গীতু মোহনদাসের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ঝড় তুলেছে। ভারতীয় দর্শকের উন্মাদনা প্রমাণ করেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যশ আবারও রাজত্ব করতে শুরু করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ট্রেড ট্র্যাকিং’ সংস্থার হিসাব অনুযায়ী,মুক্তির প্রথম দিনে আন্তর্জাতিক এবং ভারতের বাজার থেকে সিনেমাটি প্রায় ৪৫.৮৩ কোটি টাকা গ্রস আয় করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় ১৩ হাজারেরও বেশি শোতে প্রায় ৪৫.৯ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১,০৪১টি শো হাউসফুল এবং ৪,২৮২টি শো দ্রুত টিকিট পূর্ণ হওয়ার তালিকায় রয়েছে।

ভাষাভিত্তিক আয়ের পরিসংখ্যানে দেখা গেছে, সিনেমাটি হিন্দিতে সর্বাধিক ১৮.৮২ কোটি রুপি, কন্নড়ে ১৪.৩০ কোটি রুপি, তেলুগুতে ৯.৪৬ কোটি রুপি, তামিলে ২.৬৪ কোটি রুপি এবং মালয়ালমে ৬১.০৬ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে, সাকনিকের লাইভ এস্টিমেট অনুযায়ী ভারতের বাজারে ছবিটির নেট কালেকশন ৩১.৭৬ কোটি রুপি। যেখানে গ্রস ৩৭.৪৮ কোটি রুপি ছাড়িয়েছে। যেখানে কন্নড় সংস্করণে সর্বোচ্চ ৮৩ শতাংশ দর্শক উপস্থিতি দেখা গেছে।

সিনেমাটি মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়ে প্রায় ২১.২৫ কোটি রুপি সংগ্রহ করেছিল। যেখানে প্রায় ৭.০২ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছিল।

সিনেমাটি ১৯৪০ থেকে ১৯৭০ এর দশকের অপরাধ জগতের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে। গীতু মোহনদাসের পরিচালিত সিনেমাতে যশ ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশী, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মতো তারকারা।