হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২৫

হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২৫

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিঘর গ্রামের আইয়ুব খানের কাছে হালচাষের টাকা পেতেন জামাল মিয়া। সকালে সেই টাকা চাওয়ার জেরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।