রিমান্ডে গলাকাটা মোবারকসহ চার আসামি
ফাইল ছবি
চট্টগ্রামে অস্ত্র ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুই মামলায় মুহাম্মদ মোবারক প্রকাশ গলাকাটা মোবারকসহ চার আসামির বিরুদ্ধে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার হাছি চৌধুরীর বাড়ির মো. লোকমানের ছেলে মুহাম্মদ মোবারক (৩৭), একই উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার ওয়াজ পল্লানের বাড়ির বদিউল আলমের ছেলে মোহাম্মদ রাইহান (৪০), একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. ফরিদ (৫০) এবং মৃত শমসু সওদাগরের ছেলে মো. নাছির (৫২)।
চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ফটিকছড়ি থানায় দায়ের করা অস্ত্র ও পুলিশের ওপর হামলার দুই মামলায় মুহাম্মদ মোবারকসহ চারজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই মামলায় প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। মোবারক পাহাড়তলী এলাকায় গত ১৩ জুন মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত এবং সিসিটিভি ফুটেজে শনাক্ত আসামি। তার বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশের দাবি, মোবারক বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের প্রধান শুটার হিসেবে পরিচিত। অভিযানে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার এবং একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে ৯ এমএম পিস্তলটি ব্রাজিলের তৈরি এবং ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলটি ইতালির তৈরি বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ৯ এমএম পিস্তলের ১৮ রাউন্ড গুলি, ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি পিস্তলের গুলির খোসা এবং চারটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।