কক্সবাজারে মদের বারে সংঘর্ষে যুবক নিহত, আটক ১
সংগৃহীত ছবি
কক্সবাজার শহরের একটি মদের বারে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে।
রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও বার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের দোতলার বারে বসে মদ পান করছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। পরে এক পক্ষ বাইরে থেকে আরো কয়েকজন যুবককে ডেকে আনে।
তারা বারে ঢুকে রাশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এসময় রাশেদের পেট ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই নুরুল হুদা বলেন, ‘রাশেদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি, বোতল ও ভাঙা গ্লাস দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
’
এ ঘটনায় জড়িত সন্দেহে সোলাইমান নামের একজনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘অনুমোদনবিহীনভাবে মদের বারটি পরিচালনা করা হচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।