ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

প্রতিকি ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে বিষধর সাপের কামড়ে জান্নাতুল ফেরদৌস সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরিবর্তে ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় চিকিৎসায় বিলম্ব ঘটে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামে বাড়ির বাইরে টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ের শিকার হন সাগরিকা। তিনি ওই গ্রামের নূরে আলম জিকুর স্ত্রী এবং জামাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাপে কামড় দেওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে পরিবারের সদস্যরা স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক করার পর অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, হাসপাতালে আনার আগেই সাগরিকার মৃত্যু হয়েছিল। তিনি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। কুসংস্কারের বশে ওঝা বা কবিরাজের ওপর নির্ভর না করে রোগীকে দ্রুত হাসপাতালে আনলে হয়তো তার জীবন রক্ষা করা সম্ভব হতো।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে