মোহাম্মদপুরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২

মোহাম্মদপুরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২

প্রতিকি ছবি

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হামলার নেপথ্যে ছিল পরকীয়ার সম্পর্ক।

শুক্রবার (২৮ আগস্ট) মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।

এডিসি জুয়েল রানা বলেন, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় ভুক্তভোগীর পরিবার মোহাম্মদপুর থানায় মামলা করে। পরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগে হৃদয় এক নারীকে বিয়ে করেন। পরে ওই নারী কিশোর গ্যাংয়ের কথিত নেতা ক্যাপ্টেন মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁকে বিয়ে করেন। এর প্রায় তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। পরে হৃদয় ও তাঁর সাবেক স্ত্রীর মধ্যে আবার গোপনে যোগাযোগ ও সম্পর্ক তৈরি হয় বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি জানতে পেরে মুন্না ফোন করে হৃদয়কে হুমকি দেন এবং তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করতে বলেন। তবে হৃদয় সেই সম্পর্ক চালিয়ে যান বলে পুলিশের দাবি। সম্প্রতি ছুটিতে দেশে ফিরলে তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় কিশোর গ্যাংয়ের কথিত হোতা মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যরা হলেন রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও ঘাড়কাটা সাইফুল। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।