এমপি বাবুলের উদ্যোগে ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ
সংগৃহীত ছবি
ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে ভাঙ্গা পৌরসদরে অবস্থিত ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের প্রক্রিয়া এগিয়ে চলছে।
গত ২২ আগস্ট প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলার পৌরসদরে অবস্থিত ‘ভাঙ্গা মহিলা কলেজ’ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে কলেজটি সরকারিকরণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লা বলেন, “ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়ায় ফরিদপুর-৪ আসনের এমপি মো. শহিদুল ইসলাম বাবুলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি জানান, ১৯৯৭ সালে স্থানীয় জনগণের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পাঁচ বছর পরও কলেজটি এমপিওভুক্ত ও স্বীকৃতি পায়নি। পরে ২০০২ সালের ৪ মে ভাঙ্গায় বিএনপি আয়োজিত এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভাঙ্গা মহিলা কলেজকে স্বীকৃতিসহ এমপিওভুক্ত করার ঘোষণা দেন। এরপর এক সপ্তাহের মধ্যে কলেজটি স্বীকৃতিসহ এমপিওভুক্ত হয়।
২০০৪ সালে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটির ফলাফলও সন্তোষজনক বলে জানান অধ্যক্ষ। ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলেজটির পাসের হার ছিল প্রায় ৮৩ শতাংশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগের কথা জানান।
শুক্রবার নিজের ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি উল্লেখ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি লেখেন, ভাঙ্গা পৌরসভায় অবস্থিত মহিলা কলেজটি সরকারিকরণের কাজ এগিয়ে চলছে। কলেজটি বিএনপির ২০০১–২০০৬ মেয়াদের সরকারের সময় এমপিওভুক্ত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ উদ্যোগের মাধ্যমে কলেজটি সরকারিকরণের স্বপ্ন শিগগিরই বাস্তবে রূপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।