স্ত্রীর মৃত্যু শোকে হার্ট অ্যাটাক করেন ড্রামার রুশদী
ছবিঃ সংগৃহীত।
ডেঙ্গুতে স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্যান্ডসংগীতের ড্রামার আদনান রুশদী। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন রুশদী। এর একদিন আগে, শনিবার (২৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী শিরিন সুলতানা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
স্ত্রীর মৃত্যুর পরদিনই হৃদরোগে আক্রান্ত হন রুশদী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই দম্পতির চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
আদনান রুশদী ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত। এর পাশাপাশি দেশের আরও কয়েকটি ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০০৫-০৬ সালের দিকে ‘চিরকুট’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন এই সংগীতশিল্পী।
রুশদীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়িয়েছে ‘চিরকুট’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি রুশদীর সঙ্গে তাদের পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছে।
একই বার্তায় রুশদীর স্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পাশাপাশি তাদের ছোট সন্তানের কথা উল্লেখ করে এই কঠিন সময়ে পরিবারটির জন্য শক্তি কামনা করেছে ব্যান্ডটি।
স্ত্রীকে হারানোর শোকের মধ্যেই নিজের অসুস্থতায় হাসপাতালে ভর্তি হওয়ায় রুশদী ও তার পরিবার বর্তমানে কঠিন সময় পার করছে। তার দ্রুত সুস্থতার জন্য সংগীতাঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া কামনা করছেন।