মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে সিরাত কনফারেন্স

মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে সিরাত কনফারেন্স

সংগৃহীত ছবি

 

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্র শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ‘সিরাত কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের একাডেমিক ভবনের ১১০১ নম্বর কক্ষে দাওয়াহ অ্যাসোসিয়েশন অব সরকারি হরগঙ্গা কলেজের উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও সিরাতের মধ্যে মুক্তির পথ রয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করে প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় জীবন সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সিরাত চর্চার আহ্বান জানান তিনি।

কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন দাঈ, লেখক ও গবেষক জাকারিয়া মাসউদ। তিনি ভারত উপমহাদেশের মুসলমান ও বাঙালিদের অবদান, আত্মত্যাগ এবং ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। একই সঙ্গে বাংলার মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কল্যাণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে দাওয়াহ অ্যাসোসিয়েশন। এর মধ্যে রয়েছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, ইসলামিক বই বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। কনফারেন্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করা হবে। পাশাপাশি কনফারেন্সে আলোচিত বিষয়গুলোর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং বিজয়ীদের নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।