রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানকে সংবর্ধনা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানকে সংবর্ধনা

সংগৃহীত ছবি

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিয়েছে রবার্টসনগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়।

বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবার্টসনগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাকির হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সামসুজ্জামান সামু বলেন, ‘পিছিয়ে পড়া রংপুর নগরীকে এগিয়ে নিতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তাই রবার্টসনগঞ্জ বিদ্যালয় ও এ এলাকার প্রতি আমার আলাদা নজর থাকবে।’

তিনি বলেন, ‘রংপুর নগরীর মধ্যে রবার্টসনগঞ্জ একটি পিছিয়ে পড়া এলাকা। এখানে বস্তি ও ঘনবসতির কারণে স্থানীয় বাসিন্দারা স্বাভাবিক ও সুন্দর পরিবেশে জীবনযাপন করতে পারছেন না। মাদকে সয়লাব হয়ে গেছে এই এলাকা।’

সামসুজ্জামান সামু আরও বলেন, ‘মাদকের কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও আসক্ত হয়ে পড়ছে। এর ফলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। তাই সবার আগে এই এলাকা নিয়ে কাজ করতে হবে।’