বিএনপি প্রতিশ্রুতি রক্ষা না করলে আবার যুদ্ধ হবে: মঞ্জু

বিএনপি প্রতিশ্রুতি রক্ষা না করলে আবার যুদ্ধ হবে: মঞ্জু

ছবিঃ সংগৃহীত।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি রাজপথে থেকে আমাদের সঙ্গে যে ওয়াদা করেছে, নির্বাচনের আগে যে ওয়াদা করেছে, সেই ওয়াদা রক্ষা না হলে সারা দেশে আবার যুদ্ধ হবে। আমরা আর কোনো যুদ্ধ চাই না, আপনারা আপনাদের ওয়াদা পূরণ করুন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীর পথসভায় এসব কথা বলেন মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা বাংলাদেশে আন্দোলন-সংগ্রামের সব ইতিহাস জানি। আমরা এখন লংমার্চ দিয়ে শুরু করেছি। জনগণের স্বার্থে প্রয়োজন হলে আমরা ঢাকাও ঘেরাও করতে জানি। কিন্তু আমরা এই মুহূর্তে ঢাকা ঘেরাও করতে চাই না। আমরা পথে পথে বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের কাছে দাওয়াত দিচ্ছি।

জনগণের উদ্দেশে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা ঘুমিয়ে থাকবেন, নাকি জাগ্রত হবেন? আমাদের প্রত্যেকের আলাদা নাম ও পরিচয় আছে। কিন্তু কেউ যদি আমাদের অধিকার হরণ করতে চায়, মিথ্যা কথা বলে প্রতারণা করে, তখন আমরা আমাদের পরিচয় ভুলে একেকজনের নাম হয়ে যাবো- শরীফ, ওসমান হাদী, আবু সাঈদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের সঙ্গে চুক্তি করা হয়েছিল-সংবিধান সংস্কার করা হবে। বলা হয়েছিল, বিদ্যুতের দাম বাড়ানো হবে না। বলা হয়েছিল, সন্ত্রাস বন্ধ হবে। কিন্তু গত ছয় মাসে বিএনপির লোকেরা শুধু তাদের লোক হত্যা করেছে ৩১ জন।

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এছাড়াও পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লিবারেল ডেমোক্র্যেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতের ফেনী-১ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন।  

ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতাদের বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রাওয়ানা হন।