নেত্রকোনায় পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রতিকি ছবি
নেত্রকোনার কলমাকান্দায় বাঁশের সাঁকো দিয়ে খাল পার হওয়ার সময় সাঁকো ভেঙে পানিতে পড়ে আরাফ (৭) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
আরাফ কয়রাখালী গ্রামের হৃদয় মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়তো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় একটি বাঁশের সাঁকো পার হচ্ছিল শিশুটি। সেসময় তার মা দূর থেকে তা দেখছিলেন। একপর্যায়ে মা ঘরে ঢুকে পড়েন। এরই মধ্যে সাঁকোর একটি খুঁটি ভেঙে শিশুটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ার শব্দ শুনে মা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন ছেলে ডুবে গেছে। পরে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে আরাফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। শিশুটি পার হওয়া পর্যন্ত মা খেয়াল রাখলে হয়তো তাকে আগেই রক্ষা করা যেত। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।