নথি চুরিতে আমরা ক্ষুব্ধ : স্বাস্থ্যমন্ত্রী

নথি চুরিতে আমরা ক্ষুব্ধ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নথি চুরির বিষয়টি নিয়ে আমরা ক্ষুব্ধ। এ ঘটনায় আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের পর যা যা ব্যবস্থা নেওয়া দরকার, আমরা নেব।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি কর্তৃক আয়োজিত ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জ্যৈষ্ঠ সচিব লেকমান হোসেন মিয়া।