সন্তানদের ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের আপিল

সন্তানদের ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের আপিল

ছবি: সংগৃহীত

দুই সন্তানকে নিজের কাছে ফিরিয়ে নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন জাপানি মা নাকানো এরিকো।

রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন (সিএমপি) করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশুকন্যাকে বাংলাদেশে তার বাবার জিম্মায় দিয়েছিলেন হাইকোর্ট। চাইলে জাপানি মা ১০ দিন করে বছরে ৩০ দিন দেখা করতে এবং তাদের সাথে একান্তে অবস্থান করতে পারবেন।

এছাড়া শুনানি শেষে তিনজনের মধ্যে সবার ছোট কন্যাকে জাপান থেকে ফিরিয়ে আনার জন্য বাবা ইমরান শরীফের করা রিট সরাসরি খারিজ করে দেন আদালত। তবে তাদের মায়ের করা রিট চলবে।

গত ২১ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই শিশুকে নিয়ে দেয়া রায়ে বলেন, যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে তার বসবাস ও কর্মস্থল সে কারণে তিনি তার সুবিধামত সময়ে বাংলাদেশে এসে শিশুদের সাথে প্রতিবার কমপক্ষে ১০ দিন একান্তে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে বছরে তিনবার বাংলাদেশে তার যাওয়া আসাসহ ১০ দিন অবস্থানের যাবতীয় খরচ শিশু দুটির বাবাকে বহন করত হবে। তবে, এর চেয়ে অতিরিক্ত যাওয়া-আসা বা বাংলাদেশে অবস্থানের ক্ষেত্রে খরচ মা নিজে বহন করবেন।

এছাড়া বাবা মাসে কমপক্ষে দুইবার শিশু সন্তানদেরকে ভিডিও কলে মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবেন। আর গত কয়েক মাস বাংলাদেশে অবস্থান ও যাতায়াত বাবদ ওই মাকে ১০ লাখ টাকা সাত দিনের মধ্যে দিতে শিশুদের বাবার প্রতি নির্দেশ দেন আদালত। এছাড়া সংশ্লিষ্ট সমাজ সেবা কর্মকর্তাকে এই শিশুদের দেখভাল অব্যাহত রাখতে এবং প্রতি তিন মাস পর পর শিশুদের বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর প্রতিবেদন দিতে হাইকোর্ট নির্দেশ দেন।

অন্যদিকে জাপানে থাকা এদের আরেক মেয়েকে হাইকোর্টে হাজিরের নির্দেশনা চেয়ে ইমরান শরীফের করা রিটটি খারিজ করে দেন হাইকোর্ট।

আদেশে আদালত বলেন, রিটটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেকোনো পক্ষ কর্তৃক আদালতের আদেশ প্রতিপালিত না হলে বা অন্য কোনো আদেশের প্রয়োজনে তারা আদালতে আসতে পারবেন।

এরিকোর আইনজীবী শিশির মনিরের তথ্যমতে, ২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো (৪৬) ও বাংলাদেশি আমেরিকান নাগরিক শরীফ ইমরান (৫৮) জাপানি আইনানুসারে বিয়ে করেন। বিয়ের পর তারা টোকিওতে বসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।

তারা হলো জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭)। এরিকো পেশায় একজন চিকিৎসক। তিন মেয়ে টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসজেআই) শিক্ষার্থী ছিল।