আজ সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক
ফাইল ছবি
নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির দ্বিতীয় বৈঠক বসছে আজ মঙ্গলবার বিকেলে । বৈঠকে নাম পাওয়ার বিষয় নিয়ে করণীয় ঠিক করতে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী শনি ও রবিবার আরো দুটি বৈঠক করা হবে সুধীসমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নির্বাচনসংক্রান্ত বিশেষজ্ঞদের নিয়ে। তাঁদের কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে, তা নেওয়া হবে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি একই স্থানে প্রথম বৈঠক করেছিল কমিটি। সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ওই বৈঠকে উপস্থিত ছিলেন।