মধ্যপ্রাচ্য থেকে ‘যোদ্ধা’ আনার অনুমতি পুতিনের
মধ্যপ্রাচ্য থেকে ‘যোদ্ধা’ আনার অনুমতি পুতিনের
ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনাদের সহায়তায় মধ্যপ্রাচ্য থেকে স্বেচ্ছাসেবী যোদ্ধাদের আনার অনুমতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷শুক্রবার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক সভায় পুতিন বলেন, ‘‘যদি এমন লোকজন থাকে, যারা অর্থের বিনিময়ে নয়, বরং নিজের ইচ্ছায় ডনবাসের স্থানীয় জনগণকে সহযোগিতা করতে চায়, তাহলে তাদেরকে সংঘাতপূর্ণ এলাকায় আসতে দেওয়া দরকার৷''
সভায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরেগেই শোইগু জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ১৬ হাজার লোক স্বেচ্ছায় পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ান সেনাদের পক্ষে যুদ্ধ করতে চায়৷
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন যুদ্ধের সময় স্টিংগার মিসাইল এবং বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেমসহ নানা ধরনের অস্ত্র রাশিয়ান বাহিনীর হাতে এসেছে৷ এসব অস্ত্র ডনবাসে যুদ্ধরত রাশিয়ান সেনাদের পাঠানো উচিত মনে করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী৷
প্রতিরক্ষামন্ত্রীর মতকে সমর্থন করে পুটিন বলেন, ‘‘তাদেরকে অস্ত্রগুলো দিন৷ উদ্ধারকৃত এসব অস্ত্র রাশিয়ান বাহিনীকে দেওয়ায় আমার সমর্থন রয়েছে৷''
গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চালায় রাশিয়া৷ এ হামলাকে ‘বিশেষ সামরিক অভিযান' বলছে রাশিয়া৷ পুটিনের দাবি, ‘‘সম্প্রসারিত হয়ে ন্যাটো রাশিয়ার সীমানায় চলে আসছে এবং কিয়েভে পশ্চিম-সমর্থিত সরকারকে সহযোগিতা দিচ্ছে৷ আর এ কারণে রাশিয়ার নিরাপত্তার জন্য ইউক্রেনে এমন একটি সামরিক অভিযান জরুরি৷’’ তবে ইউক্রেন বলছে, অস্তিত্ব রক্ষার জন্য তারা লড়ছে৷
সূত্র : ডয়েচে ভেলে