সেনাবাহিনীর প্রধান এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক ইমরান খানের

সেনাবাহিনীর প্রধান এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক ইমরান খানের

ছবি: সংগৃহীত

বিরোধীদের অনাস্থা ভোটের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যাপক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বুধবার তার রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) অন্যতম জোটসঙ্গী মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় ইমরানের ক্ষমতা থেকে বিদায়ের ঘণ্টা প্রায় বাজছে।

এমন পরিস্থিতিতে বুধবার জাতির উদ্দেশ্যে ইমরান খানের ভাষণ দেওয়ার পরিকল্পনা থাকলেও স্থানীয় সময় সন্ধ্যার দিকে তা বাতিল করা হয়েছে। বুধবার দুপুরের দিকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান এবং দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধানের সঙ্গে বৈঠকের পর ভাষণের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার রাতেও সেনাপ্রধান এবং আইএসআই প্রধানের সঙ্গে আবারও বৈঠকে বসার কথা রয়েছে তার।

দেশটির কিছু কিছু বিশ্লেষক বলেছেন, পাকিস্তানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সমর্থনও হারিয়েছেন ইমরান খান। যদিও উভয় পক্ষ এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। তবে পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতার অন্যতম ক্রীড়ানক হিসাবে কাজ করে দেশটির সেনাবাহিনী।