টাঙ্গন নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকার টাঙ্গণ নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কহরপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সিয়াম (৯) এবং একই গ্রামের মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১)।
নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, বিকেলে চার শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে গিয়ে সিয়াম ও মাসুম বিল্লাহর মৃত্যু হয়। একই সঙ্গে শাওন (১২) ও অপর এক শিশুকে জীবিত উদ্ধার করে ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেবেন।
সূত্র : ইউএনবি