জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক

জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক

ফাইল ছবি

জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

তিনি বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে কোনোভাবেই বেইমানি করা যাবে না।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে যাত্রাবাড়ীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি ছিল সব রাজনৈতিক দলের। এরইমধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এর কাজ শুরু হবে। এটা একটা ঐতিহাসিক জায়গা। আমরা কী এত তাড়াতাড়ি ভুলে গেলাম যে, স্বৈরাচাররা কীভাবে আমাদের ওপর গুলি চালিয়েছে? ছয় মাসও হয়নি। এখনই যারা সংসদের বিরোধী দল, তারা আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে তাড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হয়েছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যাত্রাবাড়ীতে রক্ত ঝরেছে। আমাদের নেতাকর্মীদের রক্ত, সাধারণ মানুষের রক্ত, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের রক্ত ঝরেছে। আমরা সেই রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না।

দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি করা যাবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যারা দেশের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে সহযোগিতা না করে লং মার্চ ও রোড মার্চের মাধ্যমে আন্দোলনকে উৎসাহিত করছেন, তাদের প্রশ্ন করা উচিত— তারা কি আবার সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান?

বিএনপি কখনো জনগণের সঙ্গে বেইমানি করেনি দাবি করে আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সংকটময় সময়ে দেশের দায়িত্ব নিয়ে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

তিনি বলেন, ১৭ বছর আমরা গণতন্ত্রবিহীন ছিলাম। আজ দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কানো ইচ্ছায় বা কানো দয়ায় তিনি প্রধানমন্ত্রী হননি।

সরকারকে নস্যাৎ করার চেষ্টা করা হলেও বিএনপি তা মোকাবিলা করবে বলে মন্তব্য করেন আবদুস সালাম। এ জন্য দলের নেতাকর্মীদের এলাকায় এলাকায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রী দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষক দলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

আবদুস সালাম বলেন, দায়িত্ব একা শুধু তারেক রহমানের নয়। কারো একার নয়। দায়িত্ব সবার। আপনারা সবাই সেই দায়িত্ব পালন করবেন।

বিএনপি অন্যায় ও অবৈধ পথে যায় না দাবি করে ডিএসসিসি প্রশাসক বলেন, বিএনপিকে এর আগেও সন্ত্রাসী দল বানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিএনপিকে কখনো সন্ত্রাসবাদী দল বানানো যায়নি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরীন সুলতানা, সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীউল্লাহ নবীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।