পাবনায় আটককৃত আওয়ামীলীগের ৫ নেতাকর্মী মাদক মামলায় জেল হাজতে
ছবি: পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় আটককৃত আওয়ামীলীগের ৫ নেতাকর্মী মাদক মামলায় বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সন্ধ্যায় জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে এদিন ভোরে পাবনা সদর উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ মাদক ব্যবসায়ীকে র্যাব সদস্যরা আটক করে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও দুইজন সদ্য অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটককৃতের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায়। এর আগে ভোরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ বাজার থেকে তাদের অঅটক করা হয়।
আটককৃতরা হলেন-পাবনা জেলার সুজানগর উপজেলার আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভবানীপুর গ্রামের হোসেন আলীর ছেলে রবিউল হক টুটুল (৪৫), ফারাদপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান (৫২), সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের মৃত আবু তাহের প্রামাণিকের ছেলে ও সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার (৫৯), সুজানগরের ভবানীপুর গ্রামের সুদেব কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৩৯), ভবানীপুর গ্রামের দেবেন্দ্রনাথ কর্মকারের ছেলে দিলীপ কুমার কর্মকার (৪৪)।
সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে টুটুল ও সাদুল্লাপুর ইউনিয়নে রইচ উদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে আলোচিত ওই নির্বাচনে পাবনা সদর উপজেলার ৯টি ইউনিয়নের সব কয়টিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেটকারে করে পাবনা শহর থেকে ফেন্সিডিল কিনে অনন্ত বাজার হয়ে সুজানগর যাওয়ার সময় নলদহ বাজার এলাকায় কটি মাইক্রোবাস তল্লাশী করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ বোতল ফেন্সিডিল, ৬ টি মোবাইল, এক লাখ ২৫ হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের নিকট রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ফেন্সিডিলসহ সাবেক চেয়ারম্যান রবিউল হক টুটুলসহ ৫ জনকে আটক করে র্যাব থানায় সোপর্দ করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।