ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া ইবির সেই হলের প্রভোস্টকে অব্যাহতি

ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া ইবির সেই হলের প্রভোস্টকে অব্যাহতি

ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া ইবির সেই হলের প্রভোস্টকে অব্যাহতি

হল প্রশাসনের উদ্যোগে ইফতারের দায়িত্ব ছাত্রলীগকর্মীদের দিয়ে আলোচনায় আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. গৌতম কুমার দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে হলটিতে নতুন প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শনিবার রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।  

অফিস আদেশে বলা হয়, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাসকে ১৬ এপ্রিল থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামানকে ১৬ এপ্রিল থেকে পরবর্তী এক বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। অতিরিক্তি দায়িত্ব হিসেবে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। তাঁকে অবশ্যই ক্যাম্পাসে বসবাস করতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

দায়িত্ব পেয়ে নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পরপরই যোগদান করেছি। আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সুচারুভাবে তা পালনে চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, আবাসিক হলগুলোর পক্ষ থেকে গত বুধবার একযোগে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। কর্তৃপক্ষের উপস্থিতি ও ব্যবস্থাপনায় সব হলে ইফতার বিতরণ করা হলেও সাদ্দাম হোসেন হল প্রশাসন ছাত্রলীগকর্মীদের দায়িত্ব দিয়ে বিকেলেই হল থেকে চলে যান। বিকেলে উপাচার্য ইফতার বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে হল কর্তৃপক্ষের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।