ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই এমন বলা যাচ্ছে না
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। তবে ঈদের জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা নেই এমন বলা যাচ্ছে না। অনলাইনে জঙ্গিদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ঈদের নামাজে মোবাইল আনা বা না আনার বিষয়ে তিনি বলেন, যদি মোবাইল আনতেই হয় তাহলে মোবাইল ও টাকা পাঞ্জাবির পকেটে না রেখে মোবাইল হাতে রাখতে হবে। কারণ এক শ্রেণির মানুষ নামাজ পড়তে না এসে চুরির সুযোগ খোঁজে। এছাড়া ব্যাগসহ অন্য কিছু আনার সুযোগ থাকবে না।
মোহা. শফিকুল ইসলাম বলেন, নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা আনতে পারবেন। তবে সবাইকে মাস্ক পরিধান করে আসতে হবে।