যশোরে যুবদল নেতা ধনী হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৩
যশোরে যুবদল নেতা ধনী হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৩
যশোরে যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যাকান্ডে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে যৌথভাবে পুলিশ ও র্যাব। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার।
আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, গত ১২ জুলাই সন্ত্রাসীদের হামলায় নিহত জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যাকান্ডের ঘটনায় গতকাল বুধবার রাতে একটি মামলা হয়। নিহতের ভাই মনিরুজ্জামান মণি বাদী হয়ে যশোর কোতোয়ালী থানায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে যশোর শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে প্রধান আসামি রায়হানকে এবং খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রাম থেকে ইছা মীরকে গ্রেফতার করে। এছাড়া র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোর শহরের বেজপাড়া থেকে এজাহারনামীয় অপর আসামি আল আমিনকে গ্রেফতার করে। এসময় তাদের দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত দুটি গাছি দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, নিহত যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যাকান্ডের মাস্টারমাইন্ড শামীম আহমেদ মানুয়া, ওয়ার্ড বিএনপির নেতা। অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। এছাড়া শামীম আহমেদ মানুয়ার জামাই ইয়াছিন হত্যায় আসামি ছিলো বদিউজ্জামান ধনী। ওই হত্যাকান্ডের প্রভাবও রয়েছে এ হত্যাকান্ডে।
তিনি আরো বলেন, মাস্টার মাইন্ড শামীম আহমেদ মানুয়াসহ এজাহারনামীয় অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তাদের সকলকেই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।
উল্লেখ্য ,গত ১২ জুলাই জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী বেলা ১১ টায় শহরের আকবরের মোড়ে নিজ বাড়ীর সামনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন।