শ্রীলঙ্কার পার্লামেন্টের সামনে ট্যাংক মোতায়েন

শ্রীলঙ্কার পার্লামেন্টের সামনে ট্যাংক মোতায়েন

শ্রীলঙ্কার পার্লামেন্টের সামনে ট্যাংক মোতায়েন

বিক্ষোভকারীদের ঠেকাতে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্ট ভবনের কাছে ট্যাংক মোতায়েন করেছে সামরিক বাহিনী। কলম্বোতে কারফিউ জারির পাশাপাশি সামরিক বাহিনীর উপস্থিতিও বেড়ে গেছে। তবে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। তারা এখনো প্রেসিডেন্টের বাসভবন ও প্রধানমন্ত্রীর অফিস তাদের দখলে রেখেছে।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো তার পদত্যাগপত্র জমা না দেয়া দেশটি সাংবিধানিক সঙ্কটের মুখে রয়েছে। তিনি মালদ্বীপ থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে সিঙ্গাপুর রওনা হয়ে গেছেন।পার্লামেন্টের নিরাপত্তা জোরদার করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা আরোপ করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে এসব স্তরে।

সৌদি এয়ারলাইন্স যোগে সিঙ্গাপুর গেলেন গোতাবায়া
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সৌদি এয়ারলাইন্সের বিমানযোগে সিঙ্গাপুর গেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যান। আরেকটি সংবাদমাধ্যম জানায়, তিনি সিঙ্গাপুর থেকে সৌদি আরব যাবেন।

খবরে বলা হয়, বুধবার ভোর রাতে তিনি শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি বিমানে করে মালদ্বীপ যান। মালদ্বীপের স্পিকার ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আলোচনা করে তাকে দেশ থেকে সরে যাওয়ার ব্যবস্থা করেন।

এদিকে শ্রীলঙ্কার জনসাধারণ তার পদত্যাগপত্রের জন্য অপেক্ষা করছেন। কারো কারো মতে, সিঙ্গাপুর পৌঁছে তিনি তার পদত্যাগপত্র হস্তান্তর করবেন।

কলম্বোতে কারফিউ জারি
কলম্বোতে কারফিউ জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আগামীকাল শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই কারফিউ জারি করা হলো। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো তার পদত্যাগপত্র দাখিল করেননি।সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা, কলম্বো গ্যাজেট আলজাজিরা, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য