টেকসই উন্নয়নের জন্য রেল খাতের উন্নয়ন জরুরি : রেলমন্ত্রী

টেকসই উন্নয়নের জন্য রেল খাতের উন্নয়ন জরুরি : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘একটি দেশের ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য এবং টেকসই উন্নয়নের জন্য রেল খাতের উন্নয়ন জরুরি। বর্তমান প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় করে দেয়ার পরে আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি।’

মঙ্গলবার রেলভবনে পাঁচটি কোম্পানির সাথে বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার লিজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশিরা যেভাবে রেল থেকে আয় করে থাকে, বাংলাদেশ রেলওয়েও বহুমুখী আয়ের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। রেলের অপটিক্যাল ফাইবার লিজ প্রদান রেলের আয় বৃদ্ধি কার্যক্রমের একটি অংশ।

তিনি বলেন, ‘রেল জনগণের বাহন। জনগণকে জানানোর উদ্দেশ্যে, স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা প্রকাশ্যে চুক্তি করছি।’ তিনি বলেন, রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি ভর্তুকি দিয়ে চলছে। রেলের অনেক সম্পদ আছে। সেখান থেকে আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, স্বাধীনতার সময় রেলখাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গবন্ধু রেলকে পুনর্গঠন করেন। ৭৫ পরের সরকারগুলো রেলের কোনো উন্নয়ন করেনি। ১০ হাজার রেলের কর্মকর্তা কর্মচারীকে হ্যান্ডসেকের মাধ্যমে বিদায় করেছে। আমরা ভবিষ্যতে রেলের জমিসহ পণ্য পরিবহনের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর বহুমুখী কার্যক্রম গ্রহণ করছি।

সূত্র : ইউএনবি